![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২৮ গ্রাম হেরোইনসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। গতকাল (১২ জুন) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার পপুলার মোড় সংলগ্ন শিমলাপল্লী পূর্বপাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শিমলা পল্লী তাড়িয়াপাড়া গ্রামের মৃত আঃ সাত্তার কাজীর ছেলে আরিফ কাজী (৩৭), একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ কামাল মিয়া (৩২), সাতপোয়া মধ্যপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানার এসআই (নিঃ) মির্জা মোঃ বদরুল হাসানের নেতৃত্বে এএসআই মোঃ নুরুল ইসলাম, এএসআই জিকু মিয়া, এএসআই উবাইদুল এবং কনস্টেবল এরশাদসহ পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করছিলেন। দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, শিমলাপল্লী পূর্বপাড়ায় মাদক বেচাকেনা চলছে।
সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দুপুর পৌনে এক টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে আটক করে।
পরবর্তীতে ডিজিটাল ওজন মেশিনের সাহায্যে মেপে আসামিদের কাছ থেকে ৩টি পুটলায় মোট ২৮ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়। এর মধ্যে—
আরিফ কাজীর কাছ থেকে ১২ গ্রাম, কামাল মিয়ার কাছ থেকে ০৯ গ্রাম এবং জাহিদুল ইসলামের কাছ থেকে ০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দুপুর সোয়া ১টার সময় স্থানীয় সাক্ষী এবং সঙ্গীয় ফোর্সের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে এই মাদক আলামত সংগ্রহ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই এলাকার চিহ্নিত ও পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, ধৃত আসামিরা বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে সরিষাবাড়ীর বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২২:৪০:৫১ ১৪ বার পঠিত