![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ এবং ড্রেজার মেশিন গুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পিংনা বাজার, রাধানগর ও স্থানীয় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ‘সানসেট পয়েন্ট’ সংলগ্ন যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস্ আফরোজা আফসানা।
নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই আকস্মিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
অভিযান প্রসঙ্গে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস্ আফরোজা আফসানা বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যমুনার তীরবর্তী এলাকা, পিংনা বাজারসহ ফসলি জমি ও ঘরবাড়ি চরম ভাঙন ঝুঁকিতে পড়ছে। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় আমাদের এই অভিযান। অবৈধ বালু ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ রকম কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানকালে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন স্থানীয় পুলিশ প্রশাসন ও আনসার সদস্যরা। বালু খেকো চক্রের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানে স্বস্তি ফিরেছে রাধানগর ও পিংনা নদী তীরবর্তী মানুষের মাঝে।
বাংলাদেশ সময়: ২৩:০০:৪৪ ১৪৬ বার পঠিত