শনিবার, ২০ জুন ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ফ্লাইওভারে দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ফ্লাইওভারে দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৪
শনিবার, ২০ জুন ২০২৬



নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ফ্লাইওভারে দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৪

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি ফ্লাইওভারে প্রাইভেটকার ও সিএনজি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় সিএনজিকে থাকা নিহত সিনথিয়া রহমান হুমাইরার বাবা আশিকুর রহমান শামীম, তার মা সানজিদা এবং ছোট ভাই আয়মান (১) ও সিএনজি চালক আহত হয়েছেন।

তাৎক্ষনিক আহত সিএনজি চালকের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে মা সানজিদার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৯ জুন) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

জানা গেছে, নারায়ণগঞ্জের চাষাড়া হতে ঢাকামুখী সাইনবোর্ডগামী জালকুড়ি ফ্লাইওভারের ওপরে চলন্ত একটি সিএনজিকে অপর একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে সিএনজিতে থাকা চার সদস্যের একটি পরিবারের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অপর তিনজনও ও চালকসহ চারজন গুরুতর আহত হন।

এ সময় যাত্রীদের মধ্যে একটি শিশু ফ্লাইওভার থেকে ছিটকে মূল সড়কে পড়ে যায়। এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা প্রাইভেটকারের ভেতর থাকা দুজনকে আটকে গণপিটুনি দেয়। একপর্যায়ে ওই আটকদের তল্লাশি করলে তাদের কাছে একটি খেলনা পিস্তল পাওয়া যায়।

এ বিষয়ে দুর্ঘটনার শিকার আশিকুর রহমান শামীম জানান, আমরা সিএনজিতে চড়ে নারায়ণগঞ্জ চাষাঢ়া থেকে সাইনবোর্ডে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আমার ৬ বছরের মেয়েটা মারা গেছেন। আমার স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছে। আমি এবং আমার ১ বছরে শিশুটা বড় ধরনের কোনো আঘাত পাইনি। তবে সিএনজি চালকেরও খারাপ অবস্থা ছিল।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, ঢাকামুখী একটি সিএনজিকে একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশু হুমাইরা ঘটনাস্থলেই নিহত হয়। তার মা গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি চালক ও নিহত শিশুর বাবা-মাসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪:০১:৫৫   ১৮ বার পঠিত