মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইরাককে সহজেই হারিয়ে পরের রাউন্ডে ফ্রান্স

প্রথম পাতা » খেলাধুলা » ইরাককে সহজেই হারিয়ে পরের রাউন্ডে ফ্রান্স
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



ইরাককে সহজেই হারিয়ে পরের রাউন্ডে ফ্রান্স

যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর শেষ ৩২ নিশ্চিত করল গতবারের রানার্স আপ ফ্রান্স। সোমবার (২২ জুন) ইরাককে ৩-০ গোলে হারিয়েছে দেশমের দল। জোড়া গোল করেছেন এমবাপ্পে, বাকি গোলটি এসেছে দেম্বেলের পা থেকে।

প্রথম হাফে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ১৪তম মিনিটে অলিসের পাস থেকে গোল করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে বৈরী আবহাওয়ার কারণে খেলা ২ ঘণ্টা বন্ধ থাকে। এরপর আবহাওয়া কিছুটা ভালো হলে খেলা আবার মাঠে গড়ায়। মাঠে নেমেই আবারও ঝলক দেখান এমবাপ্পে। ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বনে যান যৌথভাবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপে এখন জার্মান কিংবদন্তি ক্লোজা ও এমবাপ্পের গোল সংখ্যা ১৬, তাদের উপরে ১৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি।

এরপর আক্রমণের পসরা সাজায় ফ্রান্স। একের পর এক আক্রমণ করে ইরাককে কোণঠাসা করে ফেলে তারা। এরই মাঝে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন। আর এই ৩-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে দেশমের দল।

এদিকে কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও রেকর্ডে নাম লেখালেন। ইরাকের বিপক্ষে ফ্রান্সের জয়ের ফলে বিশ্বকাপে কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে স্পর্শ করলেন তিনি। বর্তমানে ১৬ জয় নিয়ে জার্মানির সাবেক কোচ হেলমুট শ্যোনের সঙ্গে যৌথভাবে শীর্ষে দেশম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে জিততে পারলে ১৭ জয় নিয়ে এককভাবে রেকর্ডের মালিক হবেন দেশম।

বাংলাদেশ সময়: ১৫:২৩:২৭   ৭৯ বার পঠিত