![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি রেকর্ডভুক্ত ম্যাপের রাস্তায় দেয়াল তুলে এক অসহায় বিধবা ও তাঁর ষষ্ঠ শ্রেণী পড়ুয়া নাতনিকে দীর্ঘ ১৬ দিন ধরে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বরবাড়ীয়া কাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী গ্রামের মৃত মুস্তানছির বিল্লাহ আনোয়ারী (মুস্তান কাজী)-এর স্ত্রী মনোয়ারা চৌধুরী (৭৮)। তাঁর সাথে গৃহবন্দী হয়ে পড়েছে তাঁর নাতনি হুমায়রা আনোয়ারী (১২)।
ভুক্তভোগী মনোয়ারা চৌধুরী জানান, ৩ বছর আগে তাঁর স্বামী মারা যান। ছেলে-মেয়েরা উচ্চশিক্ষিত হয়ে দেশে-বিদেশে চাকরি করায় বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। তিনি ও তাঁর মেয়ের ঘরের নাতনি ছাড়া বাড়িতে কেউ থাকে না। এই সুযোগে বাড়ির দক্ষিণ পাশের প্রতিবেশী মৃত শহিদের ছেলে সবুজ মিয়া জোরপূর্বক তাঁদের বাড়ির ওপর দিয়ে নিজেদের সুবিধামতো যাতায়াতের রাস্তা দাবি করে।
মনোয়ারা চৌধুরী বলেন, ”আমি তাদের সুবিধামতো রাস্তা দিতে অস্বীকৃতি জানালে সবুজ মিয়া পূর্ব পাশের করিমের ছেলে তাজ এবং উত্তর পাশের গনি মন্ডলের ছেলে লেবুকে হাত করে আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় টিনের ও ইটের দেয়াল তুলে অবরুদ্ধ করে ফেলে। বর্তমানে আমরা বের হতে পারছি না। আমার নাতনি স্কুলে যেতে পারছে না। আমরা বের হওয়ার চেষ্টা করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের ভয়ভীতি দেখায়। আমি একজন হাড়ের রোগী। ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিছুই আনতে পারছি না। আমি প্রশাসন ও দেশবাসীর কাছে এই অন্যায়ের বিচার এবং আমাদের উদ্ধারের আকুতি জানাচ্ছি।”
এদিকে দীর্ঘ ১৬ দিন ধরে স্কুলে যেতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা আনোয়ারী। সে জানায়, সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও সে স্কুলে যেতে পারছে না। স্কুলে যাওয়ার জন্য বের হলেই প্রতিবেশীরা গালিগালাজ ও ভয়ভীতি দেখায়। বন্দিশালা থেকে মুক্তি পেয়ে অন্য শিশুদের মতো প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য প্রশাসনের কাছে মিনতি জানিয়েছে সে।
স্থানীয়রা জানান, এ বিষয়টি নিয়ে দুইবার সালিশ বৈঠক হলেও কোনো মীমাংসা হয়নি। মিস্টার নামে এক স্থানীয় বাসিন্দা জানান, যা করা হচ্ছে তা অত্যন্ত অমানবিক, অসামাজিক এবং জুলুম। জোরপূর্বক কাউকে গৃহবন্দী করে বা চাপ সৃষ্টি করে কিছু নেওয়া আইনসম্মত নয়। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে অভিযুক্ত সবুজ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমাদের যাতায়াতের পুরনো রাস্তাটি চাই। তাকে চারদিক থেকে গৃহবন্দী করা হয়েছে সাময়িকের জন্য। রাস্তা দিলেই সব খুলে দেওয়া হবে।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:০১:০১ ২৩৩ বার পঠিত