মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সম্পদ আকন্দ (৯) নামে প্রথম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার ঝালুপাড়া সরকার পাশা ওয়েল ফেয়ার ট্রাস্ট হাসপাতাল সংলগ্ন ভাজন ডাক্তারের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সম্পদ ভুরার বাড়ী গ্রামের ছাগল ব্যবসায়ী আবুল আকন্দের একমাত্র ছেলে। সে আরামনগর বাজার সংলগ্ন মারকাজুত তাওহীদ ওয়া সুন্নাহ মডেল মাদরাসার ছাত্র ছিল।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মাদরাসা ছুটি হলে সম্পদ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ির দিকে রওনা হয়। ফেরার পথে ভাজন ডাক্তারের পুকুরে সে গোসল করার জন্য লাফ দেয় এবং মুহূর্তেই পানিতে তলিয়ে যায়। এ সময় তার সাথে থাকা চাচাতো বোন বিষয়টি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, “শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।”

সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।

​একমাত্র ছেলেকে হারিয়ে পরিবার ও এলাকায় বর্তমানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২১:৫১:১০   ৮৭ বার পঠিত