
কালকিনি,ডাসার (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনা ধামাচাপা দিতে নিরীহ ব্যক্তি ও স্থানীয় ব্যবসায়ীদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার নতুন টরকী বাজার সংলগ্ন প্রধান সড়কে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী স্থায়ী এই মানববন্ধনে টরকী বাজারের শতাধিক ব্যবসায়ী এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি উপজেলার রমজানপুর এলাকার বাসিন্দা মোঃ রাশেদ বেপারীকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে তার আত্মীয় শালিকাকে বসা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন অবরুদ্ধ করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।
বক্তাদের দাবি তার এ ঘটনা ধামাচাপা দিতে এবং জনরোষ থেকে বাঁচতে রাশেদ বেপারী উল্টো ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন। তিনি এলাকার নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জড়িয়ে কালকিনি থানায় একটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিএনপি নেতা তারেক পাইক বলেন, “রাশেদ তার দোকানের দরজা ও ঝাপ বন্ধ করে অনৈতিক কাজ করার সময় হাতেনাতে ধরা পড়ে। এখন সে নিজের অপরাধ ঢাকতে আমাদের মতো সাধারণ মানুষকে আইনিভাবে হয়রানি করছে। তার এই মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।”
নতুন টরকী বাজারের ব্যবসায়ী মোঃ সোহেল বেপারী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, “রাশেদ বেপারীর দেওয়া মিথ্যা অভিযোগটি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে অপরাধী হয়েও সাধারণ মানুষকে হয়রানি করার অপরাধে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ব্যবসায়ী ও এলাকাবাসী আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”
মানববন্ধন শেষে ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসীর অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টরকী বাজারে বটতলা এসে শেষ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নতুন টরকী বাজারের সভাপতি দিদারুল ইসলাম টিটু বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল বেপারী, আখতার বেপারী, নাসিরউদ্দিন রাড়ী, রহিম খা এবং কামাল বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অবশ্য এই অনৈতিক কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত রাশেদ বেপারী।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করবো। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫০ ১০ বার পঠিত