![]()
কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রংপুরে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সকালে নগরীর ফায়ার সার্ভিস স্টেশন মোড়স্থ এসএ পরিবহন কাউন্টার থেকে ইয়াবার এ বড় চালান উদ্ধারসহ অভিযুক্ত মাদক কারবারি মনসুর মন্ডল ওরফে বোদাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মনসুর মন্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে রংপুর মহানগরীর এসএ পরিবহনের কাউন্টার এলাকায় অবস্থান নেন।
একপর্যায়ে মাদক কারবারি মনসুর মন্ডল কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে করে কুরিয়ার সার্ভিসে আসা ইয়াবা নিতে আসলে তাকে হাতে-নাতে আটক করেন তারা।
এ সময় চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আবু জাফর ও বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, কক্সবাজারে মনসুর মন্ডলের একটি চায়ের দোকান রয়েছে। তিনি চায়ের ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে ১২ হাজার পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।
এসব কর্মকাণ্ডের সাথে জড়িত চক্রের অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০৭:০৩ ১১ বার পঠিত