![]()
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কথা স্মরণ করে ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এবং উপজেলা এনসিপির সদস্যসচিব সজিব মিয়া।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাঁদের ত্যাগ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় জুলাই আন্দোলনের যোদ্ধা এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দেশপ্রেমিক নাগরিকদের অবদানও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৩০ ৯ বার পঠিত