খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



\ খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ

খাদ্যশস্যের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

আজ খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের যেসব অঞ্চলে খাদ্যশস্যের উৎপাদন বেশি, সেসব এলাকায় সংরক্ষণ অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দিতে হবে।

অনুষ্ঠানে খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি, খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়ন এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের মজুত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুদামগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, অবকাঠামো নির্মাণে শুধু তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনা করলে চলবে না; আগামী ১০ থেকে ১৫ বছরের চাহিদা মাথায় রেখে টেকসই পরিকল্পনা নিতে হবে। খাদ্য গুদামের নকশা তৈরির সময় পর্যাপ্ত বায়ু চলাচল, খাদ্যশস্যের মান অক্ষুণ্ন রাখা এবং গুদামে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, বিদ্যমান গুদামগুলোর প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের পাশাপাশি নতুন স্থাপনা নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে গণপূর্ত অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতি, যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে ভবিষ্যতে খাদ্যসংকট মোকাবিলায় পর্যাপ্ত মজুত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ও সুষ্ঠু বিতরণব্যবস্থা দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ভিত্তি। সংরক্ষণ সক্ষমতা বাড়াতে পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করা প্রয়োজন। এ কাজে গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, সরকারি স্থাপনার স্থায়িত্ব বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। খাদ্য অধিদপ্তরের অবকাঠামো উন্নয়নে গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমানো এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ড্যাশবোর্ডভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, দুই অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে খাদ্য গুদাম নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ আরও গতিশীল হবে। এর ফলে খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা বাড়বে, অপচয় কমবে এবং দেশের খাদ্যনিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তব্য পর্ব শেষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

পরে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপির উপস্থিতিতে তাঁরা স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় করেন। অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি এবং খাদ্য মন্ত্রণালয় ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৩   ৯ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?
জাপানে কর্মসংস্থানে তরুণদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ
মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ