
হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জো সালদানা এবার যুক্ত হলেন এক ভিন্নধর্মী সিনেমার প্রজেক্টে। ফিলিস্তিনি নারীদের অভিজ্ঞতা, বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের গল্প নিয়ে নির্মিত শর্টফিল্ম ‘ইটস কমপ্লিকেটেড’-এর নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করছেন তিনি। আগামী আগস্টে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।
সিনেমাটির চিত্রনাট্য রচনা, প্রযোজনা ও অভিনয় করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত শিল্পী ইমান কাররাম। গল্পের কেন্দ্রীয় চরিত্র ইয়ারা, লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী এক ফিলিস্তিনি-আমেরিকান চিত্রনাট্যকার। অনলাইনে আরবি ভাষা শেখার সময় গাজায় বসবাসকারী কবি ও শিক্ষক হানার সঙ্গে তার পরিচয় হয়। ভাষাশিক্ষার সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর বন্ধুত্বে রূপ নেয়। দুই নারীর মধ্যে গড়ে ওঠা এই বন্ধন ভাগাভাগি করা স্বপ্ন, হাসি, সংগ্রাম এবং বোনত্বের অনুভূতিকে সামনে নিয়ে আসে। তবে যুদ্ধের নির্মম বাস্তবতা তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে ফেলে। গল্পের একপর্যায়ে ইয়ারাকে শোক, প্রবাস জীবনের অপরাধবোধ এবং নিজের কণ্ঠস্বর ব্যবহার করে হানার গল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্বের মুখোমুখি হতে হয়। নির্মাতাদের ভাষ্য, ব্যক্তিগত সম্পর্কের মধ্যদিয়ে সিনেমাটি ফিলিস্তিনি নারীদের জীবন, পরিচয় ও সংগ্রামের এক মানবিক চিত্র তুলে ধরবে।
২০২৫ সালে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য অস্কারজয়ী জো সালদানা এ শর্টফিল্ম প্রসঙ্গে বলেন, ‘ইমান পরিচয়, শোক ও বন্ধুত্ব নিয়ে অত্যন্ত আন্তরিক একটি গল্প বলেছেন। সিনেমাটির গল্পের সম্পর্কের কোমলতা এবং ফিলিস্তিনি নারীদের জীবনকে সততা ও হৃদয়ের উষ্ণতায় তুলে ধরার প্রচেষ্টা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’ অন্যদিকে ইমান কাররাম জানান, ‘ইটস কমপ্লিকেটেড’ তার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, ‘প্রবাসে বেড়ে ওঠার কারণে অনেক সময় নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন মনে হয়। আমার আরবি ভাষার শিক্ষিকার সঙ্গে বন্ধুত্ব আমাকে নিজের পরিচয়কে নতুনভাবে বুঝতে সাহায্য করেছে। সেই অভিজ্ঞতাই এই সিনেমার ভিত্তি।’
শর্টফিল্মটি পরিচালনা করেছেন দারিন হোতাইত। হলিউড অভিনেত্রী জো সালদানার সম্পৃক্ততা সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বজুড়ে ফিলিস্তিনি প্রসঙ্গ নিয়ে আলোচনা যখন নতুন মাত্রা পাচ্ছে, তখন ‘ইটস কমপ্লিকেটেড’ ব্যক্তিগত সম্পর্কের আলোকে সেই বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করছে। যুদ্ধের খবরের বাইরে গিয়ে মানুষের গল্প বলাই সিনেমাটির মূল শক্তি। আর সেই গল্পকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে পাশে দাঁড়িয়েছেন হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জো সালদানা।
বাংলাদেশ সময়: ১৬:২৪:০৭ ৪ বার পঠিত