শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ

প্রথম পাতা » খুলনা » জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬



জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সিদ্ধান্ত নিন- আমাদের জন্য ভারত নেই, ইংল্যান্ড নেই। আমাদের এত টাকা নেই যে, আমরা আমেরিকায় চলে যেতে পারব। জনগণের সঙ্গে প্রতারণা করলে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। সুতরাং, আমাদের আপনাদের সঙ্গেই থাকতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়ি বাড়ি বেকারত্বকে উৎসাহিত করা হচ্ছে। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারাগাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।

তিনি বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামির শৃঙ্খলে আটকে যায়। সে কারণে পাঁচ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য জনগণের গোলাম হয়ে কাজ করবে।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে এই এনসিপি নেতা বলেন, রাজপথে নারীদের ঢাল হিসেবে ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। কিন্তু দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বানও জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী শাহজান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক ও যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৩   ৫ বার পঠিত