এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
শনিবার, ২৫ জুলাই ২০২৬



এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

এগারো দলীয় জোট ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে বৃহত্তর কোনো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে বিষয়টি বিবেচনা করা হবে।

বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনি সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় দল বা নেতাদের নাম যেন ব্যবহার না করা হয়।

কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ৯টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুফতি আবুল হাসান এমপিসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০৫   ৭৪ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার
ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ