
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাপে কাটা এক ব্যক্তির মৃতদেহ অলৌকিকভাবে বাঁচিয়ে তোলার দাবিতে কবিরাজি চিকিৎসার নামে চরম নাটকীয়তার সৃষ্টি হয়েছে। একদিকে যখন জানাজার প্রস্তুতি চলছিল, অন্যদিকে তখন কবিরাজ মৃত ব্যক্তিকে জীবিত করার চেষ্টা চালান।
রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি দক্ষিণ পূর্বপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যুর পর যখন পরিবার ও এলাকাবাসী তার শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এক কবিরাজ দাবি করেন তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন। এরপর শুরু হয় ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রের খেলা। বিজ্ঞান ও আধুনিক চিকিৎসার যুগে এমন দৃশ্য দেখে উপস্থিত সচেতন মহলের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “আমরা এখনও সভ্যতায় আসতে পারিনি।”
অবশেষে কবিরাজের সমস্ত চেষ্টা ব্যর্থ প্রমাণিত হয় এবং কুসংস্কারের অবসান ঘটিয়ে আজ বিকেলেই মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
আধুনিক যুগেও গ্রামীণ জনপদে এমন অন্ধবিশ্বাসের চর্চা সচেতন নাগরিকদের তীব্রভাবে ভাবিয়ে তুলেছে।
বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৩ ১৪৩ বার পঠিত