
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী পথনাট্য, গান ও সাংস্কৃতিক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বিকেল ৩ ঘটিকায় পদ্মা নদীর পাড়সংলগ্ন মনোরম পরিবেশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ওকাপ (OKUP) ও CLAIM প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফিল্ড অফিসার রেজাউল করিম এবং সাংস্কৃতিক কর্মী বিন্দু বন্ধুসহ সংশ্লিষ্ট কর্মীরা অংশগ্রহণ করেন। গান ও পথনাট্যের মাধ্যমে বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, প্রতারণা থেকে সতর্ক থাকা এবং অভিবাসন-সংক্রান্ত অধিকার সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানস্থলটি পদ্মার পাড়ঘেঁষা হওয়ায় এখানে প্রতিদিন চরভদ্রাসনসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ঘুরতে আসেন। স্থানটি অনেকটা মিনি পার্কের মতো হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। পাশাপাশি বিভিন্ন ঘাট দিয়ে চলাচলকারী লোকজনও এ কর্মসূচি উপভোগ করেন।
আয়োজকদের মতে, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও বিনোদনের এমন একটি জনসমাগমপূর্ণ স্থানে গান ও পথনাট্যের মাধ্যমে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত কার্যকর উদ্যোগ। এর ফলে শুধু বিদেশগামী ব্যক্তিরাই নন, তাঁদের পরিবারের সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষও নিরাপদ অভিবাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ব্যতিক্রমী জনসচেতনতামূলক আয়োজন বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য জানা, দালালচক্রের প্রতারণা এড়িয়ে চলা এবং বৈধ পথে বিদেশ গমনে মানুষকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনস্বার্থে চরভদ্রাসনে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ২৩:১৩:৪১ ২ বার পঠিত