তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন
সোমবার, ২৭ জুলাই ২০২৬



তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক চাপমুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ ও টিকে থাকা শুধু সরকারের নয়, রাষ্ট্র, সমাজ এবং মানুষের সম্মিলিত দায়িত্ব।

তিনি বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। তবে এ পেশাকে টিকিয়ে রাখার মতো কার্যকর পৃষ্ঠপোষকতার কাঠামো এখনো গড়ে ওঠেনি। এ কারণেই সাংবাদিকতা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত হলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে, আর গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ। এজন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

সভা শেষে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২২:৩৯   ৮০ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে ঢাকায় আটক বোয়ালমারী ছাত্রলীগের তিন
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত
২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
স্পীকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস এবং জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ