![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতী নদীর বানা অংশে অবৈধভাবে মাছ আহরণ রোধে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ) বিকেলে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৩৭৫ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু।
অভিযান শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে জব্দকৃত চায়না দুয়ারী জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্টরা জানান, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে নিধন হওয়ায় মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু বলেন, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১:৪৬:৫৮ ৩ বার পঠিত