সোমবার, ২৭ জুলাই ২০২৬

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু

প্রথম পাতা » চট্টগ্রাম » জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
সোমবার, ২৭ জুলাই ২০২৬



জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করছেন। উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য এবং এ দায়িত্ব সবার।

সোমবার দিনব্যাপী ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, এ অঞ্চলের প্রধান সমস্যা নদীভাঙন, জলাবদ্ধতা ও সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত থাকায় ছোট-বড় নানা সমস্যা জমে আছে। সরকার ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করছে।

আবদুল আউয়াল মিন্টু জানান, নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের লক্ষ্যে মুসাপুর রেগুলেটর ও ক্লোজার প্রকল্প আগামী একনেক সভায় উপস্থাপন করা হবে। পাশাপাশি, জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, বিএনপি নেতা হামিদুল হক, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, হাজি রফিকুল ইসলাম, মাহবুবুল হক রিপন, কামরুল উদ্দিন ও নুরুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুরে দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, এলজিইডির প্রকৌশলী মাছুম বিল্লাহ, ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, বিআরডিবির চেয়ারম্যান নজির আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মৎস্যচাষিদের মধ্যে মাছের পোনা এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২১:৩৬   ৪ বার পঠিত