![]()
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অভিযান চালিয়ে ৩৫টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও মালঞ্চ নদীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের মোট ৪০০ মিটার দৈর্ঘ্যের ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, স্থানীয় পুলিশ, আনসার সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউএনও দবির উদ্দিন বলেন, ‘চায়না দুয়ারি দেশীয় মাছের জন্য এক নীরব ঘাতক। এটি ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে আটকে ফেলে, ফলে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। শুধু মাছই নয়, শামুক, ঝিনুক, কুচিয়াসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্বও সংকটে পড়ে।’
তিনি আরও বলেন, ‘এ অভিযান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এটি আমাদের প্রাকৃতিক সম্পদ, মৎস্যসম্পদ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার উদ্যোগ। চায়না দুয়ারির ব্যবহার বন্ধ করা না গেলে একসময় দেশীয় মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। তাই আগামীর প্রজন্মের স্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ কাজে সালথাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাই সচেতন হলে আমাদের নদী-নালা, বিল এবং দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সম্ভব হবে।’
বাংলাদেশ সময়: ১৭:৩৮:৪৫ ৭ বার পঠিত