
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আল মুহাম্মদ আল ফাহাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্যা, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকের বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সংঘাত নিরসন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও দবির উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন এবং গুজব প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:১৬ ১০ বার পঠিত