![]()
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বরফকল ঘাট সংলগ্ন আবাসিক এলাকায় অবস্থিত আকিজ সিমেন্ট কারখানার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ, ধুলাবালি এবং রাসায়নিকযুক্ত বাতাস ছড়ানোর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, কারখানা থেকে নির্গত ধুলাবালি ও দূষিত বাতাসের কারণে এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং ঘরবাড়ি, আসবাবপত্র ও নির্মাণকাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন কারখানা থেকে উড়ে আসা ধুলাবালি ও বর্জ্যকণা ঘরের ভেতর পর্যন্ত প্রবেশ করছে। এতে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই কাশি, শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া ও অ্যালার্জিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে দাবি করেছেন।
এলাকাবাসী নিউজ টু নারয়ণগঞ্জ কে জানান, আবাসিক এলাকার এত কাছাকাছি এ ধরনের শিল্পকারখানা পরিচালিত হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে দূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে কারখানাটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দাবি,যে সরকার ক্ষমতায় বসেন তাদের দলীয় এমপি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে যে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে, তাদের রাজনৈতিক প্রভাবের কারণে কারখানাটি বিভিন্ন অভিযোগের পরও নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশগত প্রভাব মূল্যায়ন করুক এবং দূষণের অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।
এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাবের ঊর্ধ্বে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ১৬:০৪:০২ ৪৬ বার পঠিত