![]()
রাজধানীর গেণ্ডারিয়ায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের ঘটনায় অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত ওই যুবকের নাম মো. সাইদুর রহমান রিফাত (৩০)।
শনিবার (৮ আগস্ট) ভোররাতে ওই যুবককে তার রুমে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি গেণ্ডারিয়া থানাকে অবগত করা হয়েছে।
মৃতের বাবা বলেন, ছেলে সাইদুর রহমান আমার সঙ্গে আমার (স্টিলের সিট) ব্যবসা প্রতিষ্ঠানে বসত। দেড় বছর আগে সুমী নামে মেয়ের সঙ্গে সম্পর্ক করে গোপনে বিয়ে করে। বিষয়টি পরে জানতে পেরে ছয় মাস আগে তা মেনে নিই।
সেই থেকে আমাদের সঙ্গে থাকত।
তিনি বলেন, শুক্রবার সকালে ছেলে আমার কাছে ৫ হাজার টাকা চায়। আমি তা দিই। সে টাকাটা তার স্ত্রী সুমীকে দেয়। সে চুল কাটিং করবে বা তার ব্যক্তিগত কিছু কিনবে।
ওই টাকায় তা হবে না বলে ছেলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। তখন ছেলে তাকে ধমক দেয়। কিন্তু স্ত্রী চেঁচামেচি করতে থাকে। পরে ছেলে তাকে বলে, তুমি তোমার মতো তোমার বাবার বাড়ি থাকো, আমি আমার বাবার বাড়ি থাকি। পরে সে (সুমী) তার বাবার বাড়ি চলে যায়। পরে মোবাইলে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয় দীর্ঘ সময়। রাত ২টার পর সাইদুর নিজ রুমে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু এর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মো. শহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান রিফাত। বর্তমানে গেণ্ডারিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
বাংলাদেশ সময়: ১১:৫৫:২৪ ৮ বার পঠিত