![]()
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও জনবান্ধব রাখার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ আগস্ট (রবিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ব্যবসা দূরীকরণ এবং কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।
সভায় উপস্থিত বক্তারা নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গৃহীত ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। এ জন্য সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” সাধারণ মানুষের জন্য সরকারি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত তদারকির নির্দেশ দেন তিনি।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে উপস্থিত সকল কর্মকর্তা ও প্রতিনিধিরা জেলার শান্তি ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৮:২২:০০ ১২ বার পঠিত