
জামালপুর প্রতিনিধি: বর্ষার কাদা ও পানিতে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা সরিষাবাড়ীর ধোপাদহ–জুলারখুপী কাঁচা রাস্তাটি নিজ উদ্যোগে সংস্কার করেছেন ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ। রোববার (৯ আগস্ট) দুপুরে নিজস্ব ব্যবস্থাপনায় রাস্তাটির কাদাময় অংশে ইটের রাবিশ ফেলে তা চলাচলের উপযোগী করে তোলেন তিনি। এতে স্বস্তি ফিরেছে কয়েকটি গ্রামের হাজারো মানুষের মাঝে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের ধোপাদহ–নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে ডি.জে.এস আইডিয়াল স্কুল (জুলারখুপী) হয়ে ভূঁইয়া বাড়ি–তালতলা পুকুরপাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্ষায় কাদায় পরিণত হয়। সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমে চলাচলের পথ বন্ধ হওয়ার উপক্রম হতো। ফলে শিক্ষার্থী, কৃষক, নারী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে পোহাতে হতো চরম ভোগান্তি।
জনদুর্ভোগের বিষয়টি জানতে পেরে কোনো সরকারি বরাদ্দ বা আনুষ্ঠানিক প্রক্রিয়ার অপেক্ষা না করে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ দ্রুত নিজ খরচে ইটের রাবিশ ফেলে প্রাথমিক সংস্কারের ব্যবস্থা নেন।
স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, “বর্ষায় এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছিল, বিশেষ করে ছাত্র-ছাত্রীদের কষ্ট হতো সবচেয়ে বেশি। চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগে আপাতত যাতায়াত সহজ হয়েছে। তবে আমরা সড়কটি দ্রুত স্থায়ীভাবে পাকাকরণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ জানান, “মানুষের দুর্ভোগের সময় পাশে দাঁড়ানোই জনপ্রতিনিধির মূল দায়িত্ব। শিক্ষার্থীদের কষ্ট দেখে নিজ উদ্যোগে আপাতত ইটের রাবিশ দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করেছি। তবে এটি স্থায়ী সমাধান নয়; দ্রুত এটি পাকাকরণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা প্যানেল চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত সড়কটি স্থায়ী পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২:১৭:৩০ ৫ বার পঠিত