
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, রেজিস্ট্রার্ড হকার ছাড়া আর কেউ রাজধানীর রাস্তায় বসতে পারবেন না। হকার সমস্যা সমাধানে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে উল্লেখ করে তিনি বলেন, হকার সমস্যা একটি দীর্ঘস্থায়ী সংকট এবং এর স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, অতীতে বিভিন্ন সময়ে হকার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এবার হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে তাদের তালিকা প্রণয়ন করে আইডি কার্ড বা পরিচয়পত্র দেওয়া হবে।
এছাড়া হকারদের জন্য নির্দিষ্ট দিনে হলিডে মার্কেট চালু করার পরিকল্পনার কথা জানান তিনি। প্রশাসক আরও বলেন, পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে এবং আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ খোঁজা হবে।
বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৭ ৪ বার পঠিত