![]()
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাউখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তার অনুসারীদের বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে রেজাউল শিকদারের পক্ষের সমর্থক মান্নান সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তমিজ খার পক্ষের রিপন মোল্লা হাতবোমার বিস্ফোরণে গুরুতর আহত হন।
তার হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, বোমা বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:১২:০৬ ৭ বার পঠিত