![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে ফের গ্রেপ্তার হয়েছেন ইউনিয়ন তাঁতী লীগ নেতা এনামুল হক। এ নিয়ে জমি সংক্রান্ত বিরোধ ও রাজনৈতিক মামলায় টানা ৩ বার গ্রেপ্তারের শিকার হলেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের সিং দহ এলাকার মৃত জাফর মন্ডলের ছেলে এবং ইউনিয়ন তাঁতীলীগের সহ-সভাপতি এনামুল হক দীর্ঘদিন ধরে নাশকতার মামলায় কারাভোগ করছিলেন। সকালে আদালত থেকে তিনি জামিন পান। দুপুরে আইনি প্রক্রিয়া শেষে জামালপুর জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটে তাঁকে পুনরায় গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
পরবর্তীতে মাদারগঞ্জ মডেল থানায় দায়ের করা নতুন একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতের মাধ্যমে পুনরায় কারাগারে পাঠানো হয়।
ঘটনার অনুসন্ধানে জানা গেছে, এনামুল হকের সাথে তাঁর প্রতিপক্ষদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তীব্র বিরোধ চলছিল। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধি ও এনামুলকে দমন করতে তাঁর রাজনৈতিক পরিচয়কে (ইউনিয়ন তাঁতী লীগের সহ-সভাপতি) ঢাল হিসেবে ব্যবহার করছে। জমি সংক্রান্ত ব্যক্তিগত শত্রুতাবশত প্রতিপক্ষরা প্রভাব খাটিয়ে তাঁকে বারবার নাশকতার মামলায় রাজনৈতিক ট্যাগ দিয়ে গ্রেপ্তার করাচ্ছে।
এ বিষয়ে এনামুলের পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের কারণেই তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটির পর একটি মামলায় ফাঁসানো হচ্ছে। বারবার জামিন পেলেও জেলগেট থেকেই তাঁকে ফের গ্রেপ্তার দেখিয়ে হয়রানি করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়।
রাজনৈতিক পদ-পদবিকে ব্যক্তিগত ও জমি সংক্রান্ত শত্রুতায় হাতিয়ার হিসেবে ব্যবহার করে এভাবে বারবার গ্রেপ্তার করানোর ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষোভ ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৫:৫১ ২৫ বার পঠিত