![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রচণ্ড গরম থেকে বাঁচতে গাছের নিচে বসে গাছচাপায় সমিরন বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর কালিকাপুর ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন বেওয়া ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে স্বস্তি পেতে সমিরন বেওয়া বাড়ির পাশের একটি গাছের নিচে বসেছিলেন। এ সময় আচমকা গাছটি উপড়ে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত-ই রাব্বী জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ নেই।
বাংলাদেশ সময়: ২৩:২৬:০৯ ২২ বার পঠিত