![]()
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সিএনজি অটোরিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুই বৃদ্ধা নারী গুরুতর আহত হয়েছেন। আহত দুই নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে সরিষাবাড়ী পৌর শহরের সাবেক ‘এ আর জুট মিলস’ গেট ও দারুচিনি রেস্টুরেন্ট সংলগ্ন প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামালপুর দিক থেকে আসা ‘তুহীন’ নামের এক চালকের দ্রুতগামী সিএনজি অটোরিকশাটি একটি ভ্যানগাড়ীকে সজোরে ধাক্কা দিয়ে দুই বৃদ্ধা যাত্রীর ওপর তুলে দেয়। এতে ভ্যানে থাকা দুই নারী ও ভ্যানচালক মারাত্মকভাবে আঘাত পান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীর শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে আহত ভ্যানচালক ও দুই নারী চিকিৎসাধীন রয়েছেন। আহত দুই বৃদ্ধা নারীর পরিবারের সন্ধান না পাওয়ায় স্থানীয়রা সামাজিক মাধ্যমে স্বজনদের খুঁজছেন এবং সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৮ ৪ বার পঠিত