মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাঙামাটিতে মনসা পূজা পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে মনসা পূজা পালিত
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



রাঙামাটিতে মনসা পূজা পালিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজাকে ঘিরে আজ সকাল থেকে জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে পাঁঠা ও হাঁস বলিসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্পদেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে জেলা-উপজেলার বিভিন্ন মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে, মনসা পূজা উপলক্ষে কাপ্তাই উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপো পুরাতন হরিমন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকা, কাপ্তাই চৌধুরীছড়া মন্দির এবং শীলছড়ির ওয়াগ্গাসহ বিভিন্ন স্থানে মনসা পূজার আয়োজন করা হয়।
স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে এ পূজা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী বাসস’কে জানান, আজ সকালে মন্দিরে পূজা শেষে বলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ মন্দিরে প্রায় ৪০টি ছাগল বলি দেয়া হয়েছে।

রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু বাসস’কে জানান, এ বছর মন্দিরে প্রায় ৮০টি ছাগল বলি দেয়া হয়েছে। পাশাপাশি কিছু হাঁসও বলি দেয়া হয়।

উল্লেখ্য, শ্রাবণ মাসের শুরু থেকে মনসা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে মনসার পুঁথি পাঠ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। এরপর শ্রাবণ মাসের শেষ দিকে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্য অনুযায়ী মনসা পূজা উদযাপন করে থাকেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩২   ৬ বার পঠিত