![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: ‘নাটকের জন্য জীবন নয়, জীবনের জন্য নাটক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে সুনিয়ম নাট্যচক্রের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল হলে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনিয়ম নাট্যচক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোশারফ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী গোলাম মহিউদ্দিন তসলিম, আসমা আক্তার মুক্তা, আনোয়ারুল ইসলাম রঞ্জু, নাট্যকর্মী এম. আহমেদ নিজাম, শাহ জাহাঙ্গীর, ইন্দ্রানী সোমা, নিরব ইমতিয়াজ শান্ত ও আসমাউল হোসনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সিরাজী কবির খোকন।
বর্ষপূর্তি অনুষ্ঠানে সুনিয়ম নাট্যচক্রের সদস্য, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নাটক মানুষের জীবন ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনার কথা নাটকের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা সম্ভব। তাই নাট্যচর্চার মাধ্যমে একটি মানবিক ও সুস্থ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা ফরিদপুরের নাট্য ও সংস্কৃতিচর্চায় সুনিয়ম নাট্যচক্রের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরেন। ৪৯তম বর্ষপূর্তি উদযাপনের মধ্য দিয়ে ভবিষ্যতে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ ও নাট্যকর্মীরা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। শিল্পীদের মধ্যে ছিলেন শাহনাজ পারভিন, বাদল দাস, লুৎফর নাহার লতা ও খোকন।
অনুষ্ঠানটি উপভোগ করতে ঈশান মেমোরিয়াল হলে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাংলাদেশ সময়: ১৭:২৬:২৭ ৬ বার পঠিত