![]()
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় তামিম নার্সারির সামনে ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নোয়াখালী থেকে একটি বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে। পরে কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নি.) আনজিল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় লাল-সবুজ পরিবহনের একটি এসি বাস থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও হেলপার মো. সালাউদ্দিন (২২) তাদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্সে থাকা একটি নীল রঙের কাপড়ের ব্যাগ থেকে কালো স্কচটেপ ও নীল পলিতে মোড়ানো ছয়টি পোটলা উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি পোটলায় এক কেজি করে এবং অপর তিনটি পোটলায় দুই কেজি করে মোট ৯ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা। দুপুরে কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ এক লিখিত বার্তায় গণমাধ্যমকে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ফুয়াদ উদ্দিন নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে এবং সালাউদ্দিন একই থানার মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৭:০২ ১৩ বার পঠিত