![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়নের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন থেকে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আজ শনিবার(২২ আগষ্ট) বেলা ১২টায় উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল ব্রিজপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে গোলাম মোস্তফা ফকিরকে ‘পতিত শাসনব্যবস্থার দোসর’ আখ্যা দেওয়া হয় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার তীব্র প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বাচ্চু বলেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হয়রানি বা অন্যায্য চাপ মেনে নেওয়া হবে না। প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করা এবং দোষী হলে তাকে আইনের আওতায় আনা।
অন্যান্য বক্তাদের মধ্যে জাহিদুল ইসলাম তারা, প্রভাষক ইমরান হোসেন বাবু এবং সালেহীন সাগর বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। ভিত্তিহীন অভিযোগ বা রাজনৈতিক প্রভাব—কোনোটির মাধ্যমেই যেন এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও নির্দোষদের মুক্তি দিয়ে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে এলাকায় অশান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।
বাংলাদেশ সময়: ১৩:২৫:০৮ ৬৬ বার পঠিত