![]()
কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রোকিরচর উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে সাফল্য ও সুনামের ধারাবাহিকতা বজায় রেখেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ক্রোকিরচর উচ্চ বিদ্যালয় থেকে মোট ৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে ৫৩ জন। শতাংশের হিসেবে পাসের হার ৮৭.৫০%।
স্থানীয় অভিভাবক ও সুধীমহল জানান, ১২ জন আন্তরিক ও দক্ষ শিক্ষকের নিয়মিত প্রচেষ্টা এবং সার্বিক তত্ত্বাবধানে গ্রামীণ জনপদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতি বছরই মানসম্মত ফলাফল উপহার দিয়ে আসছে। নিয়মিত পাঠদান, দুপুরবেলা শিক্ষার্থীদের নিজ বাড়ি থেকে সুষম খাদ্য গ্রহণ নিশ্চিতকরণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মূল পাঠ্যবইনির্ভর সিলেবাস সম্পন্ন করার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে।
বিদ্যালয়ের এই কৃতিত্বপূর্ণ অর্জনে সন্তোষ প্রকাশ করে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান বলেন, “আমাদের এই ধারাবাহিক সাফল্যের মূল কারিগর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখতে আমাদের শিক্ষকবৃন্দ অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। পাশাপাশি অভিভাবকরাও দারুণ আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আমরা কেবল পাঠ্যবইয়ের পড়াশোনাই শেষ করিনি, বরং প্রতিটি শিক্ষার্থীর সার্বিক উন্নতির দিকে খেয়াল রেখেছি। আগামীতে এ শিক্ষার মান আরও উন্নত করে শতভাগ পাসের মাইলফলক অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।”
বিদ্যালয়ের এই সাফল্য অব্যাহত থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষা অনুরাগী ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৭:২০:৫৯ ৭ বার পঠিত