![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি সুনিশ্চিত করা, বাল্যবিয়ে রোধ এবং ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু হানিফা (হানিফ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.টি.এম. রুহুল আমিন বেগ, শিক্ষকদের পক্ষে শিক্ষক ইমরুল কায়েস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়না, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান এবং পিংনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল মিয়া।
এছাড়া অভিভাবকদের পক্ষে হাফেজ মাওলানা গাউছুল আজম, শিউলি চৌধুরী, রিনা রানী পাল, সালমা বেগম, বিলকিস আক্তার ও তানিয়া আক্তার এবং শিক্ষার্থীদের পক্ষে মোহনা আক্তার ও কানিজ ফাতেমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েতুল ইসলাম (অপু)-এর সঞ্চালনায় এবং শিক্ষক আইয়ুব আলীর পরিচালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকের সার্বিক তত্ত্বাবধানে এই সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বর্তমানে ৭৩৩ জন শিক্ষার্থী ও ২৩ জন শিক্ষক-কর্মচারী নিয়ে পরিচালিত এই বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬২.৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত অর্জনের জন্য কেবল বিদ্যালয় নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবারের অভিভাবকত্ব ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
বাংলাদেশ সময়: ২০:৩১:১৮ ৫ বার পঠিত