বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মসজিদ-মন্দির-গির্জা-ধর্মশালা নির্মাণ করবে সিটি করপোরেশন: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মসজিদ-মন্দির-গির্জা-ধর্মশালা নির্মাণ করবে সিটি করপোরেশন: সাখাওয়াত
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



মসজিদ-মন্দির-গির্জা-ধর্মশালা নির্মাণ করবে সিটি করপোরেশন: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সবার জন্য। এখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। সমন্বিতভাবে উন্নয়ন করে নারায়ণগঞ্জকে একটি সুস্থ, সুন্দর ও ‘গ্রিন ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা হবে। একসময় নারায়ণগঞ্জ পর্যটন নগরীতে পরিণত হবে।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরাতন কোর্টে মসজিদ, জিউস পুকুরপাড়ে মন্দির, কালীরবাজারে একটি গির্জা এবং মাসদাইরে বৌদ্ধদের জন্য একটি ধর্মশালা নির্মাণ করব।”

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিকের সাবেক প্যানেল মেয়র, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সহসভাপতি ও মহানগর মহিলা দলের সদস্য বিভা হাসানের উদ্যোগে ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, আজকের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বিশ্ব মানচিত্রে দেশের অবদান রাখবে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে।

তিনি বলেন, আগে মুরব্বিদের দেখলে সম্মান করার যে সংস্কৃতি ছিল, বর্তমান প্রজন্মের মধ্যে তার অনেকটাই কমে গেছে। পরিবারকে সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নৈতিক শিক্ষার সঙ্গে ধর্মের সম্পর্ক রয়েছে। প্রত্যেক ধর্মেই ভালো শিক্ষা রয়েছে।

সাখাওয়াত আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মের ভালো শিক্ষা অনুসরণ করলে অন্যায়-অপরাধ করার সুযোগ থাকে না। ধর্মকে বিভক্তির হাতিয়ার না করে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভা হাসান। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সচিব কবি মাসুদ রানা লাল।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দীপু, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা নূসরত রেবেকা ও আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

সভাপতির বক্তব্যে বিভা হাসান বলেন, মেধার মূল্যায়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে মন্ত্রী, মেয়র, আমলা ও প্রশাসক তৈরি হবে। সঠিকভাবে মূল্যায়ন করতে না পারায় অনেক মেধাবীকে হারিয়ে ফেলতে হয়। দেশের মেধাবীদের দেশেই যথাযথভাবে মূল্যায়নের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৪০:০৮   ৫ বার পঠিত