প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতল বাংলাদেশের সিনেমা। প্রথমবারের মতো উৎসবের অফিসিয়াল শাখায় জায়গা করে নেওয়া রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অর্জন করেছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস—প্রেমিও বিসাতো দ’ওরো।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসনের হাতে পুরস্কারটি তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান। ভেনিসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের সিনেমার এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত পরিচালক।

রুবাইয়াত বলেন, ‘এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্যে থেকে এ পুরস্কার দেওয়া।

এ জন্য জুরিদের কাছে কৃতজ্ঞতা জানাই। তাঁরা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।’

এবারই প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে।

৬ সেপ্টেম্বর উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

নিজের সিনেমা নির্মাণের ভাবনা নিয়ে রুবাইয়াত বলেন, ‘খুবই অন্তরঙ্গ একটি জায়গা থেকে আমি সিনেমাটি নির্মাণ করেছি। নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে, নিয়ন্ত্রণ করতে এবং কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় করতে শেখে, সেই ভাবনা থেকেই এই সিনেমা। এটার সঙ্গে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা জড়িত।

সেই সিনেমাটি ভেনিসের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকসদের কাছ থেকে যখন এই স্বীকৃতি এনে দেয়, সেটা আমার কাছে গভীরভাবে অর্থবহ। আমি চাই, এই চলচ্চিত্রের মাধ্যমে দর্শক বাংলাদেশকে শুধু তার সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে নয়, বরং তার কল্পনা, লোককথা, অন্ধকার ও সৌন্দর্যের মধ্য দিয়েও আবিষ্কার করুক।’

ক্যারিয়ারের চতুর্থ সিনেমা দিয়েই ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া রুবাইয়াতের জন্য পথটি সহজ ছিল না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে বাছাই করে উৎসবের বিভিন্ন বিভাগে সিনেমা নির্বাচন করা হয়। সেই কঠিন প্রক্রিয়া পেরিয়ে এবার মূল পুরস্কার ঘোষণার আগেই বড় স্বীকৃতি পেল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে অফিসিয়াল শাখার পুরস্কার। ফলে অরিজন্তি বিভাগে থাকা বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য আরও একটি বড় স্বীকৃতির অপেক্ষা থাকছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

ভেনিসের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত বৃহস্পতিবার শুরু হওয়া উৎসবটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ভেনিস উৎসব শেষ করেই টরন্টোর উদ্দেশে রওনা দেবেন রুবাইয়াত হোসন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৩   ৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ