চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার

চাঁদপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে তিনটি স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

ইপিজেডটি বাস্তবায়িত হলে সরাসরি প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বেপজার কর্মকর্তারা।

আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বেপজার একটি প্রতিনিধি দল চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে ইপিজেড স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করে।

একই দিন সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন ও হাইমচর উপজেলায় সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থানও ঘুরে দেখে দলটি।

বেপজার নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল প্রকল্পগুলোর সম্ভাব্যতা ও স্থানগুলোর উপযোগিতা সরেজমিনে যাচাই করে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা ইপিজেডের সহকারী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিনসহ বেপজার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

রপ্তানিমুখী শিল্পকারখানা গড়ে উঠলে স্থানীয় অর্থনীতিতে গতি আসার পাশাপাশি চাঁদপুর ও আশপাশের জেলার তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

বেপজার নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে একটি ইপিজেড ও একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের আশ্বাস দিয়েছেন।

ইপিজেড প্রতিষ্ঠা করা হলে সেখানে সরাসরি প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

পাশাপাশি এ কেন্দ্রকে ঘিরে আশপাশের এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭ থেকে ৮ লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪৬   ৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ