রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে ১০৫৫ শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের টাকা উত্তোলন করতে গিয়ে বাধা ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক ও শ্রমিক নেতারা। কল্যাণ তহবিলের টাকা নির্বিঘ্নে উত্তোলনের সুযোগ না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।শ্রমিকদের অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর শনিবার ফরিদপুর-রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি তথা একটি সন্ত্রাসী বাহিনী কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধা প্রদান করে।

এ সময় টাকা উত্তোলন করতে গেলে শ্রমিকদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ ওঠে।ঘটনার পর এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর রবিবার ১০৫৫ অফিসের শ্রমিক ও শ্রমিক নেতারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা ঘটনার প্রতিবাদ জানান এবং কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধা বন্ধ করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।শ্রমিক নেতারা জানান, শ্রমিক কল্যাণ তহবিলের জন্য প্রতি শ্রমিকের কাছ থেকে ৩০ টাকা উত্তোলন করা হয়। এই তহবিল শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা।

কোনো শ্রমিক মারা গেলে, অসুস্থ হলে কিংবা দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করলে এই তহবিল থেকে নির্ধারিত সহায়তা প্রদান করা হয়। সারাদেশেই শ্রমিকদের কাছ থেকে এই কল্যাণ তহবিলের অর্থ উত্তোলন করা হয়ে থাকে বলে তারা জানান।তাদের দাবি, কল্যাণ তহবিলের টাকা উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের পক্ষে সরকারি গেজেটও রয়েছে। এরপরও ফরিদপুর-রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অসাধু চক্র শ্রমিকদের কাছ থেকে কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধা দিচ্ছে।এ বিষয়ে শ্রমিক ও শ্রমিক নেতারা বলেন, তারা বৈধভাবে কল্যাণ তহবিলের টাকা উত্তোলন করতে চান।

কিন্তু একটি চক্রের বাধার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যতদিন পর্যন্ত তারা সঠিকভাবে কল্যাণ তহবিলের টাকা উত্তোলন করতে না পারবেন, ততদিন কর্মবিরতি চলবে বলে তারা জানান।শ্রমিক নেতারা বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কল্যাণ তহবিলের টাকা নির্বিঘ্নে উত্তোলনের ব্যবস্থা এবং বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৩৯   ১৪ বার পঠিত