![]()
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাফসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা ও ইজিবাইকের চালক আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফসা আক্তার পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে। সে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকার মঞ্জুর মোল্যার নাতনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মামার সঙ্গে নানা বাড়ি মিনহাজদিয়া এলাকায় বেড়াতে আসে হাফসা। রোববার দুপুরে মা চামেলি বেগমের সঙ্গে ইজিবাইকে করে নগরকান্দার বাড়িতে ফিরছিল সে।
পথে কাগদী বাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় হাফসা গাড়ি থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাফসার মা ও ইজিবাইকচালক আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৬ ৬ বার পঠিত