সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান

প্রথম পাতা » চট্টগ্রাম » সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে দেশের সব রাজনৈতিক দলের পররাষ্ট্রনীতি অভিন্ন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা বলেন।

এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘আমরা জাতীয় রাজনীতি ভিন্ন ভিন্নভাবে করলেও যার যার অবস্থান থেকে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে আমাদের পররাষ্ট্রনীতি এক। সংকট মোকাবেলায় ঐক্যের কোনো বিকল্প নেই। সংকটের সময়ে জাতীয় ঐক্যই বড় সমাধান হতে পারে।’

সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, কুমিল্লার আয়তন, জনসংখ্যা ও মানুষের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার কাজ চলছে।

বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদে বাংলাদেশে দুটি নতুন বিভাগ করার সিদ্ধান্ত রয়েছে। এর একটি কুমিল্লা এবং অন্যটি ফরিদপুর।

মতবিনিময়সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদকের বিস্তার রোধ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সাধারণ মানুষের কাছে দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৯   ৬ বার পঠিত