
আজ বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু-এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় পরিবেশ, প্রকৃতি, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো ব্যাপকভাবে প্রসারিত ও বেগবান করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এসময় সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রামের বহুভাষাভাষী ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর ১২টি জাতিসত্তার মানুষের স্বকীয় আচার-আচরণ, বর্ণিল পোশাক-পরিচ্ছদ, নিজস্ব রীতিনীতি এবং লোকসংস্কৃতিকে এক সুতোয় গেঁথে বাঙালি ও পাহাড়িদের মাঝে ভেদাভেদহীন সাম্য ও মৈত্রীর সমাজ বিনির্মাণ করতে হবে।
সাচিং প্রু আরো বলেন, এখনই পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক জাগরণের এক নতুন দিগন্ত উন্মোচন করার সময়। সংস্কৃতি চর্চার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পাহাড়ি ও বাঙালির আত্মিক দূরত্ব মুছে ফেলে সম্প্রীতির অনন্য উপাখ্যান রচনা করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সংস্কৃতির মেলবন্ধনকে সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। সাচিং প্রু সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আগামী ২৫ অক্টোবর বান্দরবানে অনুষ্ঠিতব্য প্রবারণা পূর্ণিমা ও পিঠা উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
বাংলাদেশ সময়: ২৩:০৩:২৩ ৬ বার পঠিত