![]()
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে কানাডার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার সুযোগের কথা তুলে ধরেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)’র সহসভাপতি ফেরদৌস আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিবিসিসি প্রতিনিধিদল বাংলাদেশে কানাডার বিনিয়োগ সুরক্ষায় একটি উপযুক্ত আইনি কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।
প্রতিনিধিদলটি কানাডার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর বিভিন্ন সুযোগের কথাও তুলে ধরে। বিশেষ করে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি সেবার রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
কানাডা চীন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ পোশাক আমদানি করে উল্লেখ করে বিবিসিসি প্রতিনিধিরা বলেন, কানাডার পোশাকের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
তারা কানাডার বৃহৎ তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং বাজারের কথাও তুলে ধরেন। দক্ষ জনবল থাকা সত্ত্বেও বাংলাদেশ বর্তমানে এ বাজারের সামান্য অংশ দখল করে আছে উল্লেখ করে প্রতিনিধিরা বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধা না থাকায় কানাডায় বাংলাদেশের চিংড়ি রপ্তানিতে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, প্রতিনিধিদলটি তাও তুলে ধরে।
আলোচনায় শামা বাংলাদেশে আরও বেশি কানাডীয় এফডিআই আকর্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নেওয়া উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
বিবিসিসি প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে জানান, বাংলাদেশের পণ্য কানাডার বাজারে তুলে ধরতে চেম্বারটি আগামী বছর কানাডায় একটি রোডশো আয়োজনের পরিকল্পনা করছে। এ উদ্যোগে তারা বাংলাদেশ সরকারের সহযোগিতা চান।
উদ্যোগটির প্রশংসা করে শ্যামা প্রতিনিধিদলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়ার জন্য বিবিসিসিকে অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৩ ৭ বার পঠিত