
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলা সফরকালে উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সরকারি সেবার মান আরও উন্নত করা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সফরকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন করেন তিনি। পরে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এরপর বন্দর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানার চলমান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তীতে কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন ও পরিদর্শন করেন মো. রায়হান কবির। পরে মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। এ সময় উভয় ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
সফরকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সফরে সরকারি সেবার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সেবার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
বাংলাদেশ সময়: ১৮:৫৪:৫৫ ২ বার পঠিত