মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

প্রথম পাতা » চট্টগ্রাম » মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন বলেছেন, আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। শুধু মুখে বললে হবে না, এটি কিভাবে কার্যকরভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে।
সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

আশরাফ উদ্দিন বলেন, মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাজনীতির ধারাবাহিকতা বেগম খালেদা জিয়ার পথ ধরে এগিয়ে এসেছে।
জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।

জাতীয় সংসদের এই হুইপ বলেন, দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচিত করেছে, সেই প্রত্যাশা বাস্তবায়নে দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, তা বাস্তবায়নেও সবাইকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছি, যদিও সেখানে নোট অব ডিসেন্ট ছিল।
জনগণের কাছে দেওয়া অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হলে আমাদের নেতাকর্মীদেরও সেভাবে প্রস্তুত করতে হবে।

হুইপ বলেন, কাগজে-কলমে পরিকল্পনা করলেই হবে না। জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন কোনো একজনের একার কাজ নয়। তৃণমূল পর্যায় থেকে সবাইকে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আর সেই কাজের সূচনা চাঁদপুর থেকেই শুরু করতে চান বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার দায়িত্ব দিয়েছেন। এসব জেলায় নির্বাচিত সংসদ সদস্য ও দলের সাংগঠনিক নেতারা রয়েছেন। সবার মধ্যে সমন্বয় গড়ে তুলতে তিনি মাধ্যম হিসেবে কাজ করার চেষ্টা করবেন।

আশরাফ উদ্দিন বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার প্রান্তিক পর্যায় পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। কোথায় কী সমস্যা রয়েছে, মানুষ কী চায়—সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের দেড় শতাধিক নেতা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২৭   ১০ বার পঠিত