![]()
জামালপুর প্রতিনিধি : বিনামূল্যে চিকিৎসা ও জনসেবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠিত জামালপুরের সরিষাবাড়ীর একটি ট্রাস্ট হাসপাতাল এখন পুরোদস্তুর বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের দাতব্য সংস্থার অর্থায়নে নির্মিত এই স্বাস্থ্যকেন্দ্রটি আগের সেবামূলক নীতি হারিয়ে চড়া ফি আদায় করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
২০০২ সালের অক্টোবরে যুক্তরাজ্যে নিবন্ধিত ‘সারসের পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট’ (SPWT)-এর আওতায় জামালপুরের সরিষাবাড়ীতে সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে পৌর শহরের আরাম নগর ঝালুপাড়া এলাকায় সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট নামক প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. বদরুল আমিন সিদ্দিক। প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দরিদ্র মানুষকে সেবা দেওয়া। কিন্তু বাস্তবতার রূপ এখন ভিন্ন। বিদেশি তহবিলের সেবাকেন্দ্র এখন চড়া মূল্যের ক্লিনিক।
জানা যায়, প্রতিষ্ঠালগ্নে মাত্র ৫ টাকার টিকিটে চিকিৎসা প্রদানের পাশাপাশি ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষায় দেওয়া হতো বিশেষ ছাড়। কিন্তু সম্প্রতি প্রশাসনিক রদবদল ঘটিয়ে হাসপাতালটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘আমেনা বেগম মেমোরিয়াল হাসপাতাল’। নাম পরিবর্তনের পরপরই দরিদ্র রোগীদের দেওয়া পূর্বের সব ধরনের ছাড় ও ছাড়কৃত সুবিধা একযোগে বন্ধ করা হয়। বর্তমানে ছাড়ের বদলে সাধারণ রোগীদের কাছ থেকে অন্যান্য বেসরকারি ক্লিনিকের মতো চড়া ফি হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিদেশি দাতাদের উদ্দেশ্যকে ক্ষুণ্ন করে জনসেবামূলক প্রতিষ্ঠানকে ব্যবসায়িক সুবিধায় ব্যবহারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাটি। সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের দাবি, অনতিবিলম্বে হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এটিকে আবার আগের সেবামূলক নীতিতে ফিরিয়ে আনতে হবে।
বাংলাদেশ সময়: ১১:২৩:৩২ ৩৭৬ বার পঠিত