৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

আগামী পাঁচ বছরের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে টিসিবির ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উপকারভোগীর সুবিধা, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরে টিসিবির বিভিন্ন উদ্যোগ ও ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে গত বছরের তুলনায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয় হতে পারে।

অনুষ্ঠানে পরিবার কার্ডধারীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে ‘উপকারী’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়।

প্রযুক্তির আওতায় টিসিবির ডিলার

টিসিবির ডিজিটাল রূপান্তরের আওতায় ডিজিটাল ডেটাবেস, সিকিউর ডিজিটাল টিসিবি কার্ড, অনলাইন ডিলার ম্যানেজমেন্ট, অনলাইন ডিলার পেমেন্ট কালেকশন, এআই-নির্ভর রিয়েল-টাইম মনিটরিং ও কনটাক্ট সেন্টার, অল-ইন-ওয়ান পিওএস এবং ‘উপকারী’ মোবাইল অ্যাপসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হয়েছে।

ডিলার নিয়োগ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সব আগ্রহী প্রার্থীকে টিসিবির ডিলারশিপ দেওয়া সম্ভব নয়। কোনো এলাকায় ১০ জন ডিলারের আবেদন থাকলেও সেখানে যদি উপকারভোগী থাকেন দেড় হাজার, ওই দেড় হাজারের জন্য একজন ডিলারই নির্ধারিত হবেন। পৌরসভা বা সিটি করপোরেশনের ক্ষেত্রে ওয়ার্ডপ্রতি একজন ডিলার থাকবেন।

বাজারের সরবরাহ ব্যবস্থা এখনও মসৃণ নয়

মুক্তাদির বলেন, দেশের বাজারে সরবরাহ ব্যবস্থা এখনও মসৃণ হয়নি। বিভিন্ন কারণে সরবরাহ শৃঙ্খলে গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। দেশের কোনো এক জায়গায় উৎপাদিত কৃষিপণ্য ২০০ থেকে ২৫০ কিলোমিটার দূরের খুচরা বাজারে, বিশেষ করে সিটি করপোরেশন বা রাজধানীতে পৌঁছানোর পর অনেক সময় উৎপাদন ও খুচরা পর্যায়ের দামের মধ্যে বড় ব্যবধান দেখা যায়।

তিনি বলেন, ১৮ থেকে ২০ কোটি মানুষের দেশে মৌসুমি ব্যবধান বা অন্য কোনো কারণে হঠাৎ পাঁচ, সাত বা ১০ থেকে ১৫ দিনের জন্য কোনো পণ্যের সংকট তৈরি হতে পারে না। বাজারে স্বচ্ছতা না থাকলেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।

৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ

টিসিবির এক কোটি গ্রাহকের লক্ষ্য রয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তালিকায় ৮৯ লাখ উপকারভোগী রয়েছেন। এ কারণে ইউনিয়নপ্রতি বেশি ডিলার নিয়োগের সুযোগ নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী।

কার্ড হারালেও মিলবে পণ্য

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন, ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে টিসিবির সেবা প্রদান, ডিলার ও উপকারভোগী ব্যবস্থাপনা, মনিটরিং এবং নাগরিক যোগাযোগে গতিশীলতা আনতে একগুচ্ছ নতুন সেবা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘উপকারী’ মোবাইল অ্যাপ, অল-ইন-ওয়ান পিওএস মেশিন, ডিজিটাল ডিলার ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল লটারি এবং এআই-ভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা।

তিনি বলেন, ‘উপকারী’ অ্যাপটি ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করবে। এটি বিদ্যমান টিসিবি কার্ড বাতিল করবে না; বরং সেবা গ্রহণের অতিরিক্ত ও নিরাপদ মাধ্যম হিসেবে কাজ করবে। এনক্রিপ্টেড কিউআর কোড-সমন্বিত ডিজিটাল ইনভয়েসের মাধ্যমে উপকারভোগীরা পণ্য কিনতে পারবেন। ফলে কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলেও নিম্ন আয়ের মানুষ পণ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন না। ডিজিটাল ইনভয়েস ব্যবহারের ফলে টিসিবির এসএমএস পাঠানোর খরচও অর্ধেকের বেশি কমবে।

স্মার্টফোন ব্যবহারের সক্ষমতা প্রসঙ্গে টিসিবির চেয়ারম্যান বলেন, মোট ৮০ লাখ অ্যাক্টিভেটেড কার্ডধারী উপকারভোগীর মধ্যে প্রায় ৪৫ লাখ নিজস্ব স্মার্টফোন ব্যবহার করে সেলফ-অ্যাক্টিভেশনের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অর্থাৎ ৫০ শতাংশের বেশি উপকারভোগীর স্মার্টফোন ব্যবহারের সক্ষমতা রয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫৪   ৩ বার পঠিত  




কৃষি ও বাণিজ্য’র আরও খবর


৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ : শিল্পমন্ত্রী
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কারের পরিকল্পনা সরকারের
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ