
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : গ্রামবাংলার হারিয়ে যেতে বসা চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ডিঙি নৌকাবাইচ ও চারদলীয় হাডুডু টুর্নামেন্ট। নৌকাবাইচ ও হাডুডুকে ঘিরে গোপালপুরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া এলাকার মধুমতি নদীর বাঁওড় এলাকায় যুব সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ নদীর পাড়ে ভিড় করেন।
বৈঠার ছন্দে ডিঙি নৌকার ছুটে চলা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর পাড়। নৌকাবাইচ শেষে রাতে আলোকসজ্জার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চারদলীয় হাডুডু টুর্নামেন্ট। খেলা দেখতে মাঠেও জড়ো হন বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মোনায়েম খান বলেন, নৌকাবাইচ ও হাডুডু আমাদের গ্রামবাংলার শেকড়ের ঐতিহ্য। নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এবং তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এমন আয়োজন আরও প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, নৌকাবাইচ ও হাডুডু আমাদের গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।
এ সময় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, নামমুল ইসলাম রানা, খান নওয়াব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজন শেষে নৌকাবাইচ ও হাডুডুতে বিজয়ী এবং অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী দলের অধিনায়কদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. মোনায়েম খান।
বাংলাদেশ সময়: ২২:৫৩:২১ ১ বার পঠিত