![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা যুবলীগের ব্যানারে মধ্যরাতে হঠাৎ একটি মশাল মিছিল বের করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাত (১৯ সেপ্টেম্বর) আনুমানিক ১টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকার বাইপাস সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ থেকে ৩০ জনের একটি দল মশাল হাতে মিছিলে অংশ নেন। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘নিখিল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নিখিল ভাইয়ের কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে’ এবং ‘অবৈধ রায়, মানি না, মানবো না’—এমন নানা স্লোগান দেওয়া হয়।
মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল: ‘অবৈধ কাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’। ব্যানারের নিচে আয়োজক হিসেবে ‘জামালপুর জেলা যুবলীগ’-এর নাম উল্লেখ ছিল।
তবে রাতের অন্ধকারে ঝটিকা মিছিলটি পরিচালনা করায় এতে অংশ নেওয়া কর্মী বা এর নেপথ্যে থাকা নেতাদের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি।
গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দল ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এর আগেও জামালপুরে যুবলীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া গিয়েছিল।
শুক্রবার রাতের এই মিছিলটি কত সময় স্থায়ী ছিল এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২:০৮:৩২ ৫ বার পঠিত