শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। একই সময়ে শহরের বাগডোমারী খাল, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ৭টি ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন হাট-বাজারে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের পাশাপাশি সাধারণ মানুষের রাতের চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে সোলার লাইটও স্থাপন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এ সময় স্কাউট, রোভার, লজিক অব বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব স্থানে পানি জমে মশার প্রজননস্থল তৈরির আশঙ্কা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার মাধ্যমে রোগের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ সদরকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২৯   ২৫ বার পঠিত